Ridge Bangla

ঈদযাত্রায় শুরু হলো বাসের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে যাত্রীরা ২৯ মে এবং পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকিট বিক্রির কার্যক্রম চলবে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীরা সরাসরি বাস কাউন্টার থেকে অথবা অনলাইনের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে টিকিট দিচ্ছে।

তিনি আরও বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করেই টিকিট বিক্রি করতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাকেশ জানান, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন সংস্থাগুলো তাদের সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করে। তবে এবারের ঈদযাত্রায় যেন এসি বাসের ভাড়া যুক্তিসংগত ও যাত্রীবান্ধব হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে যাত্রীরা যেন স্বস্তিতে ও পরিকল্পিতভাবে ঈদযাত্রার প্রস্তুতি নিতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পরিবহন খাত।

This post was viewed: 39

আরো পড়ুন