মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঢালিউডের কিং শাকিব খান তার ২৫ বছরের কর্মজীবনের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। আবেগঘন বক্তব্যে তিনি তুলে ধরেন নিজের ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্প, যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং অনেককে অনুপ্রাণিত করে।
অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও শাকিব খানের সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন। এক ফেসবুক পোস্টে নিজের ছবি শেয়ার করে ভাবনা লেখেন, “আজকের অনুষ্ঠানে শাকিব খান ছিলেন মূল আকর্ষণ। তার ২৫ বছরের ক্যারিয়ার উদযাপন ও সেরা অভিনেতার পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের। তার বক্তব্য আমি হাঁ করে শুনছিলাম।”
তিনি আরও লেখেন, “কত অপমান, তাচ্ছিল্য, কষ্ট পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি বলেছেন, নিজের কাছের মানুষরাও বলেছিল—‘তুমি এখন ডেড হর্স’। একজন শিল্পী কতটা একা, তা শাকিব খানের কথায় স্পষ্ট। একজন মেগাস্টার হতে হলে প্রচণ্ড ধৈর্য আর সাধনার প্রয়োজন।”
ভাবনা জানান, তিনিও শাকিব খানের মতো হতে চান। তার ভাষায়, “শাকিব খান আমাকে আজ নতুন করে অনুপ্রাণিত করেছেন। একদিন আমার কাজই হবে আমার জবাব। আমি শাকিব খানের মতো হতে চাই।”
শাকিব খানের এই সাফল্য কেবল তার একার নয়, বরং তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এক বিশাল অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।