Skip to main content

Ridge Bangla

২২ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন আমির খান, উঠেছে সমালোচনার ঝড়

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান আবারও আলোচনায়, তবে এবার কোনো ব্লকবাস্টার সিনেমা নয়—সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’-এ তার বিপরীতে অভিনয় করা নায়িকা নিয়ে।

ছবিতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা, যিনি আমিরের চেয়ে বয়সে ২২ বছরের ছোট। ৬০ বছর বয়সী আমির খান এবং ৩৮ বছর বয়সী জেনেলিয়ার রোমান্স পর্দায় নিয়ে আসছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিউড মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবিতে তাদের ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও রয়েছে, যা বিতর্ক আরও উসকে দিয়েছে।

জেনেলিয়া একসময় ইমরান খানের সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন। আর ইমরান হলেন আমির খানের ভাগ্নে। সেই অভিনেত্রীর সঙ্গেই এবার জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার আমির।

এ নিয়ে আমির খান বলেন,

“বয়সের ব্যবধান নিয়ে শুরুতে আমিও চিন্তিত ছিলাম। তবে ছবিতে আমরা দুজনেই চল্লিশোর্ধ্ব চরিত্রে অভিনয় করছি। এখনকার দিনে ভিএফএক্স প্রযুক্তি আমাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। আগে বয়স কম দেখাতে হলে মেকআপ বা প্রস্থেটিক ব্যবহার করতে হতো, এখন প্রযুক্তির সাহায্যে সেটা আরও বাস্তবসম্মত করা যায়।”

‘সিতারে জ়মিন পর’ ছবিটি ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘তারে জ়মিন পর’-এর সিক্যুয়েল। দীর্ঘদিন পর এটি আমির খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিংহ চড্ডা’ (২০২২) বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি, সেই ব্যর্থতার পর থেকেই আমির খান খানিকটা আড়ালে ছিলেন।

ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এখন দেখার বিষয়, বিতর্ক পেরিয়ে ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা।

This post was viewed: 50

আরো পড়ুন