Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার জন্য ঈদের উপহার ‘কালো মানিক’ ঢাকার পথে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ঈদুল আজহা উপলক্ষে নিজের সবচেয়ে প্রিয় ষাঁড় ‘কালো মানিক’ উপহার দিতে ঢাকার পথে রওনা হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় তিনটি সুসজ্জিত ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে ও অর্ধশতাধিক সহযাত্রী। শোভাযাত্রায় ছিল ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য আয়োজন।

সোহাগ মৃধা বলেন, “কালো মানিককে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। আমি এটিকে নিজ হাতে ঢাকায় নিয়ে গিয়ে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ঈদের উপহার হিসেবে তুলে দিতে চাই।”

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য এবং ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কালো রঙের বিশাল ষাঁড়টির নাম দিয়েছেন ‘কালো মানিক’। এলাকাবাসীর কাছেও সে এই নামেই পরিচিত।

স্থানীয়দের মতে, এ ষাঁড়টি সোহাগের পরিবারের শেষ সম্বল হলেও, নেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে তিনি তা ত্যাগ করছেন। ২০১৮ সালের শেষ দিকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেছিলেন সোহাগ। এক সপ্তাহের মধ্যেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের। ছয় বছরের দীর্ঘ পরিচর্যার ফলই আজকের ‘কালো মানিক’।

গরুটি দেখতে সকাল থেকেই সোহাগের বাড়িতে ভিড় জমায় শত শত মানুষ। পরে স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রা শুরু হয়।

তবে খালেদা জিয়া এই উপহার গ্রহণ করবেন কি না, তা এখনও অনিশ্চিত। তবুও সোহাগের প্রত্যাশা, “আমার নেত্রী যেন আমার দেওয়া ভালোবাসার উপহারটি গ্রহণ করেন, এই চাওয়াটাই আমার সব।”

This post was viewed: 55

আরো পড়ুন