Skip to main content

Ridge Bangla

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারকা ক্লাসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই আগ্রাসী ডানহাতি ব্যাটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বিদায়বার্তায় ক্লাসেন লিখেছেন, “আজ আমার জন্য এক দুঃখের দিন। কারণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার ও আমার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল।”

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ক্লাসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও বেশ উজ্জ্বল। ২০২৪ সালের জানুয়ারিতে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। টেস্টে তিনি মাত্র ৪টি ম্যাচ খেলে করেছেন ১০৪ রান।

তবে সাদা বলের ক্রিকেটে ছিল তার প্রধান অবদান। ৬০টি ওয়ানডেতে তিনি করেছেন ২ হাজার ১৪১ রান, যার মধ্যে রয়েছে ৪টি শতক। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮ ম্যাচে তার রান সংখ্যা ১,০০০। দুই ফরম্যাট মিলিয়ে তার হাফসেঞ্চুরির সংখ্যা ১৬টি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্লাসেন জানিয়েছেন, তিনি বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন। তিনি আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। এছাড়াও তিনি খেলেছেন ডারবান সুপার জায়ান্টস, সিয়াটেল অরকাস ও ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে।

This post was viewed: 88

আরো পড়ুন