Skip to main content

Ridge Bangla

পাকিস্তানে ঝড়-ভারী বৃষ্টিতে ৩২ জনের প্রাণহানি

পাকিস্তানে গত এক সপ্তাহ ধরে চলা তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি মানুষ। সর্বশেষ বৃহস্পতিবার পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দমকা হাওয়া ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় প্রাণহানি ঘটে। এর আগে মঙ্গলবার ভারী বৃষ্টিতে ১০ জন এবং শনিবার ১৪ জনের মৃত্যু হয়।

প্রাণহানির অধিকাংশ ঘটনাই ঘটেছে ভবনের দেয়াল বা ছাদ ধসে পড়ার কারণে। সিন্ধু প্রদেশের হায়দরাবাদে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া তীব্র ঝড়ে সৌর প্যানেল ছিটকে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন।

পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া শনিবার (৩১ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান। দেশটিতে সম্প্রতি আবহাওয়াজনিত দুর্যোগের হার বেড়েই চলেছে। এবারের ঝড়-তুফান পূর্বের বছরের তুলনায় অনেক বেশি তীব্র ও অস্বাভাবিক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি।

This post was viewed: 54

আরো পড়ুন