Skip to main content

Ridge Bangla

আসছে ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক নির্মিত হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমাটি পরিচালনা করেছিলেন বরেণ্য নির্মাতা বাসু চ্যাটার্জি। রিমেকটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়েছে এবং শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে এর চিত্রধারণ চলবে।

সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছেন খ্যাতিমান নির্মাতা ছটকু আহমেদ। অজিত ও দীপা নন্দীর চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ সাদী খান ও রাফিদা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ আরও অনেকে।

নির্মাতা কামরুজ্জামান জানান, “‘হঠাৎ বৃষ্টি’ আমাদের কাছে এক নস্টালজিয়া। সিনেমাটি দুই বাংলার দর্শক পছন্দ করেছিলেন। এটি রিমেক করতে পারা গর্বের, তবে চ্যালেঞ্জিংও।” তিনি বলেন, “শুটিং শুরু করেছি। সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে শেষ করতে পারব বলে আশা করছি। সিনেমাটি নিয়ে আগ্রহ লক্ষ্য করছি, তবে আপাতত বিস্তারিত কিছু জানাতে চাই না।”

প্রসঙ্গত, চিত্রনায়ক ফেরদৌস আহমেদের চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার বিপরীতে অভিনয় করেন ভারতের প্রিয়াঙ্কা ত্রিবেদী, যিনি নিজেও প্রশংসিত হন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। সংগীত পরিচালনায় ছিলেন নচিকেতা চক্রবর্তী, যাঁর গান দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।

This post was viewed: 62

আরো পড়ুন