Skip to main content

Ridge Bangla

গ্রেপ্তার সুব্রত বাইন জানালেন চাঞ্চল্যকর নানা তথ্য

রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত ছিলেন সম্প্রতি গ্রেপ্তার হওয়া কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগীরা। গত ২৭ মে সকালে যৌথবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন, মোল্লা মাসুদসহ সেভেন স্টার চক্রের চার সদস্যকে।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের ‘টার্গেটেড কিলিং’ বা পরিকল্পিত হত্যার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করে সরকারবিরোধী পরিস্থিতি জোরদার করাই ছিল এই চক্রের উদ্দেশ্য। আর এই চক্রান্তের পেছনে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।

জানা গেছে, ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবেশী একটি দেশ থেকে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের কাছে। সেই অর্থ ব্যবহার করে দেশজুড়ে শ্যুটার ও কিলারদের সংগঠিত করার পরিকল্পনা চলছিল।

গ্রেপ্তারের পর রাতে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব চাঞ্চল্যকর তথ্য দেয় বলে জানায় তদন্তকারীরা।

এদিকে, তাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার শুনানিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বুধবার সুব্রত বাইনকে ৮ দিনের এবং তার সঙ্গে আটক অপর তিনজনকে ৬ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রে জড়িত অন্যদের শনাক্ত ও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 46

আরো পড়ুন