Skip to main content

Ridge Bangla

দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার। বুধবার (২৮ মে) দুপুর দেড়টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে খাদ্য উপদেষ্টা বলেন, “অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে আমাদের কোনো জটিলতায় পড়তে হবে না। ইতোমধ্যে দেশব্যাপী খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং আমরা আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে।”

তিনি জানান, চলতি মৌসুমে ১৪ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান কেনার পরিকল্পনা রয়েছে। এবারের ভালো ফসল হওয়ায় এই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী বলেও জানান তিনি।

বর্তমানে দেশের খাদ্য মজুদের পরিমাণ ১৫ লাখ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ লাখ মেট্রিক টন বেশি। খাদ্য উপদেষ্টা বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। যেমন খরচ হচ্ছে, তেমনই আবার নতুন করে সংযোজনও হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, ময়মনসিংহ বিভাগে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা কিছুটা কম থাকায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ন কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. শফিউল আলম, জেলা প্রশাসক মো. মুফিদুল আলমসহ শেরপুর, নেত্রকোণা, জামালপুর জেলার জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তারা।

This post was viewed: 103

আরো পড়ুন