Skip to main content

Ridge Bangla

ভারতে অর্থপাচার: খুলনায় ব্যবসায়ী হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড

ভারতে অর্থপাচারের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত শেখ ব্রাদার্সের কর্ণধার এসএম হাফিজুর রহমানকে দুটি ধারায় মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। তবে রায় ঘোষণার সময় আসামি হাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, খুলনার মুন্সিপাড়ায় শেখ ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার হাফিজুর রহমান ২০০০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আইএফআইসি ব্যাংক, খুলনা শাখা থেকে চারটি এলসি (LC) খুলে ভারত থেকে কস্টিক সোডা আমদানির পরিকল্পনা করেন। কিন্তু বাস্তবে কোনো পণ্য আমদানি না করে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ব্যাংকে দাখিল করেন। এর মাধ্যমে তিনি ১ লাখ ১৯ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৬৪ লাখ ৮২ হাজার টাকা, ভারতে পাচার করেন।

ঘটনার প্রায় ১৪ বছর পর, ২০১৪ সালের ২৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক এস এম শামীম খুলনা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৯ এপ্রিল সহকারী পরিচালক আবুল হাসেম আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর একই বছরের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেলিম আল আজাদ জানান, হাফিজুর রহমান আমদানির নামে পরিকল্পিতভাবে ভুয়া নথিপত্র তৈরি করে অর্থপাচার করেন। মামলায় দুদক তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ হাজির করতে সক্ষম হয়েছে।

This post was viewed: 62

আরো পড়ুন