Ridge Bangla

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক আচরণে বিরক্তি প্রকাশ করে তাকে “একেবারে পাগল” বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, কিন্তু তার মধ্যে কিছু একটা ঘটে গেছে—সে পুরোপুরি পাগল হয়ে গেছে!”

ট্রাম্প এই মন্তব্য করেছেন ইউক্রেনের ওপর মস্কোর সাম্প্রতিক ভয়াবহ আকাশ হামলার প্রেক্ষাপটে। তিনি বলেন, “সে অপ্রয়োজনীয়ভাবে অনেক মানুষকে হত্যা করছে, আমি শুধু সৈনিকদের কথাই বলছি না।”

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, “আমি সবসময়ই বলেছি, পুতিন পুরো ইউক্রেনটাই চায়, শুধু একটি অংশ নয়। আর সম্ভবত আমার কথাই ঠিক প্রমাণিত হচ্ছে। কিন্তু যদি সে পুরো ইউক্রেন দখলে নেয়, তাহলে তা রাশিয়ার পতনের কারণ হবে।”

পরে রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি জানি না পুতিনের কী হয়েছে। আমি তাকে বহুদিন ধরে চিনি, সবসময় তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন সে শহরের ওপর রকেট ছুঁড়ছে, মানুষ মারছে—আমি এটা একেবারেই পছন্দ করছি না।”

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প জানান, “অবশ্যই বিবেচনায় রয়েছে।”

এর আগে, শনিবার রাতে রাশিয়ার ভয়াবহ আকাশ হামলায় অন্তত ১২ জন ইউক্রেনীয় নিহত হন। ইউক্রেন জানায়, সে রাতে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়—যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এক রাতের মধ্যে সবচেয়ে বড় আকাশ হামলা।

This post was viewed: 67

আরো পড়ুন