Ridge Bangla

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মবিরতি স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ তাদের চলমান কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। রোববার (২৫ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনটি জানায়, এনবিআরের দুটি বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া তাদের উত্থাপিত চারটি দাবির মধ্যে তিনটি ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি থেকে তারা এখনও সরে আসেনি।

ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনী আনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই ভিত্তিতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি শুরু হতে পারে।

সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। অধিকাংশ দাবিতে সম্মতি থাকায় আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।”

উল্লেখ্য, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে এনবিআর কর্মকর্তারা গত ১৩ দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন, যার ফলে রাজস্ব আদায় কার্যক্রমে বিঘ্ন ঘটে।

This post was viewed: 56

আরো পড়ুন