মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. সাহাবুদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ মে) ভোরে মুক্তারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন বরগুনার চাউলো বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাছির পেদা। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ ইশতিয়াক আশফাক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, মুক্তারপুর এলাকায় মাদক পাচার হচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মো. পারভেজ ফরাজীর চায়ের দোকানের সামনে থেকে সাহাবুদ্দিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি পিকআপে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো সাতটি কালো স্কচটেপ পোটলা থেকে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। অভিযানে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।