Skip to main content

Ridge Bangla

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা চারজন বিএনপি নেতা এসেছিলাম। আমাদের আলোচনার বিষয় আগেভাগে জানানো হয়নি, তবে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি লিখিত প্রস্তাবনা নিয়ে এসেছিলাম এবং সেটি উপস্থাপন করেছি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। তাই তাদের বিচার আমরা সর্বাগ্রে চাই। এই সরকারের আমলে যদি সেই বিচার অসম্পন্ন থাকে, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগ তা সম্পন্ন করবে।”

তিনি বলেন, “গণতন্ত্রের উত্তরণে আমরা প্রথম থেকেই একটি জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছি। এটি আমাদের দীর্ঘদিনের দাবি।”

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

This post was viewed: 55

আরো পড়ুন