Ridge Bangla

অগ্নিকাণ্ডে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার ও পরিবার

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বৃহস্পতিবার (২২ মে) সকালে বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখোমুখি হন। আগুনের ভয়াবহতা থেকে তিনি, তার স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা।

বাপ্পা মজুমদার জানান, আগুনের সূত্রপাত হয় ভবনের নিচতলা থেকে। ইন্টারকমে আগুন লাগার সংবাদ পেয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে চারপাশে ধোঁয়ার ঘনচাপা দেখে হতভম্ব হয়ে পড়েন। আগুনের তাপে তার মুখেও আঁচ লাগে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

এ সময় কাছেই থাকা গীতিকার শাহান কবন্ধ-এর সঙ্গে যোগাযোগ হলে, তার সহযোগিতায় পরিবারসহ ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন তারা।

এক ফেসবুক পোস্টে বাপ্পা লেখেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। ফায়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ—তারা দ্রুত না এলে কী যে হতো, ভাবতেই কষ্ট হচ্ছে।”

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম থাকায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছে, না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।”

তবে এই ঘটনাটি মানসিকভাবে এখনও তাকে বিপর্যস্ত করে রেখেছে। বাপ্পা জানান, “এই বিভীষিকাময় অভিজ্ঞতা থেকে মানসিকভাবে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।”

This post was viewed: 59

আরো পড়ুন