Ridge Bangla

রাজনৈতিক সুযোগ নিয়ে অনেক শিল্পীই বিপদে পড়েছেন: বাপ্পারাজ

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ সবসময় পর্দার বাইরের আলোচনায় কম থাকেন। ব্যক্তি ও পেশাগত জীবনে নীরবতা পছন্দ করা এই অভিনেতা কখনোই রাজনীতির সঙ্গে নিজেকে জড়াননি এবং ভবিষ্যতেও যুক্ত হতে চান না।

সম্প্রতি এক বক্তব্যে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। আর যদি কেউ রাজনীতিতে জড়াতে চান, তাহলে আগে অভিনয় থেকে অবসর নেওয়া উচিত।” তার মতে, রাজনীতিতে জড়িয়ে অনেক শিল্পী বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন এবং তাতেই অনেকেই হেনস্তার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, “যখন কেউ অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেন, তখন তাকে কারো তোষামোদ করতে হয়, সুযোগ নিতে হয়। এভাবেই শিল্পীরা বিপদের মুখে পড়েন।”

নিজের অবস্থান স্পষ্ট করে বাপ্পারাজ বলেন, “আমি কখনো রাজনীতি করিনি, করবও না। আমন্ত্রণ পেলে বিভিন্ন দলের অনুষ্ঠানে গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু কখনো সুযোগ নিতে যাইনি, তাই কখনো সমস্যায় পড়িনি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিল্পী হেনস্তার শিকার হলেও, চলচ্চিত্র শিল্পী সমিতির নিরব ভূমিকা নিয়েও তিনি পরোক্ষভাবে হতাশা প্রকাশ করেন। তার মতে, একজন শিল্পীর কাজ হওয়া উচিত শুধুই পেশাগত পরিচয়ের ভিত্তিতে, রাজনৈতিক সুবিধার নয়।

This post was viewed: 43

আরো পড়ুন