Skip to main content

Ridge Bangla

আবার আদালতের মুখোমুখি ‘হাম সাথ সাথ হ্যায়’ টিম: রাজস্থান সরকারের আপিল

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা দুই দশকেরও বেশি সময় পর আবার আলোচনায়। বলিউড চলচ্চিত্র হাম সাথ সাথ হ্যায়–এর তারকারা ফের আদালতের মুখোমুখি হচ্ছেন রাজস্থান সরকারের করা আপিলের কারণে।

এই মামলায় একমাত্র দোষী সাব্যস্ত হয়েছিলেন সালমান খান। ২০১৮ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। তবে একই মামলায় প্রমাণের অভাবে খালাস পান সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে, নীলম এবং দুষ্মন্ত সিং।

তবে রাজস্থান সরকার এই খালাস রায় মেনে নেয়নি। সরকার হাইকোর্টে আপিল করে এবং ১৬ মে বিচারপতি মনোজ কুমার গর্গের বেঞ্চে লিভ-টু-আপিলের শুনানি হয়। আদালত মামলাটি অন্যান্য বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেয় এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালের অক্টোবর মাসে যোধপুরে, যখন ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলছিল। অভিযোগ অনুযায়ী, সালমান খান নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন শিকারে এবং তার সঙ্গে ছিলেন সাইফ, টাবু, সোনালি বেন্দ্রে প্রমুখ। সেখানেই গাড়ি থেকে গুলি ছুড়ে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়।

বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা, যারা কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করেন, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং মৃত হরিণ ও তারকাদের গাড়ি দেখতে পান। অভিযোগ রয়েছে, এরপর তারা স্থান ত্যাগ করে পালিয়ে যান।

পরে সালমান খানের বিরুদ্ধে অস্ত্র আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর তিনি দোষী প্রমাণিত হন এবং বাকিরা খালাস পান। এবার সেই খালাস আদেশের বিরুদ্ধেই ফের আইনি লড়াইয়ে নামছে রাজস্থান সরকার।

This post was viewed: 85

আরো পড়ুন