Skip to main content

Ridge Bangla

বিশ্বকাপে একই গ্রুপে হবে না ভারত-পাকিস্তান ম্যাচ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে চায় না বলে জানিয়েছে একটি বিসিসিআই সূত্র। ফলে আইসিসির আসন্ন বার্ষিক সম্মেলনে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগামী ১৭-২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আইসিসির বার্ষিক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে। প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক একমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টেই সীমাবদ্ধ রয়েছে।

বিশেষ করে গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এতে আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর একটি সূত্র পিটিআইকে জানায়, “আইসিসির ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। এমনকি নক-আউট পর্বেও দুই দল মুখোমুখি না হওয়ার সম্ভাবনা থাকছে।”

আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি এর আগে বিসিসিআই সচিব ছিলেন, এবার প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

গত কয়েক বছর ধরে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। ২০২৩ সালে এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারতের দল সেখানে না যাওয়ায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়—ভারতের সব ম্যাচ ও বেশিরভাগ নকআউট ম্যাচ হয় শ্রীলঙ্কায়।

চলতি বছরের শুরুতেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তান একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয় এবং ফাইনাল হয় পাকিস্তানের বাইরে। দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় ভারত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কি না, সেটিও এখনো অনিশ্চিত।

This post was viewed: 93

আরো পড়ুন