Skip to main content

Ridge Bangla

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন দেখা দেওয়ায় জরুরি অবতরণ করেছে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ২৯০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়।

উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর বিমানের পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের কারণে এই সমস্যা দেখা দেয়। পাইলট সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নেন এবং নিরাপত্তার স্বার্থে বিমানটি দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল খরচ করে সকাল সাড়ে ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ নিশ্চিত করেছেন, ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন। তাদের প্লেন থেকে নামিয়ে হোটেলে স্থানান্তর করা হয়েছে।

তার্কিশ এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিমানের ইঞ্জিন-২-তে পাখির ধাক্কা লাগায় ফ্লাইটটি বাধ্য হয়ে ফিরে আসে। বিমানে ১৯ জন বিজনেস ক্লাস, ২৫৬ জন ইকোনমি ক্লাস এবং পাঁচ শিশু যাত্রী ছিলেন। ইঞ্জিন মেরামতের প্রয়োজন থাকায় যাত্রা সাময়িকভাবে বিলম্বিত হবে। এ সময় যাত্রীদের জন্য আশপাশের হোটেলগুলোতে আরামদায়ক থাকার ব্যবস্থা করা হয়েছে।

This post was viewed: 81

আরো পড়ুন