Skip to main content

Ridge Bangla

বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার ছুড়ল আমিরাত

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছে সংযুক্ত আরব আমিরাত। শারজাহতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করে ২ উইকেট ও ১ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচের নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, ৪২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ছয়টি চার ও পাঁচটি ছক্কায়। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম বলেন, “বাংলাদেশকে হারিয়ে আমি খুবই খুশি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পারফরম্যান্সে আমি আনন্দিত।”

তিনি আরও বলেন, “আমি সতীর্থদের বলেছিলাম এই রান আমরা তাড়া করতে পারব, কারণ আমরা এখানকার কন্ডিশন ভালোভাবে জানি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।”

একপর্যায়ে ১৯তম ওভারে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে যখন পরাজয়ের মুখে দাঁড়িয়ে আমিরাত, তখন দৃশ্যপট বদলে দেন দুই নিচের সারির ব্যাটার ধ্রুব পারাসার ও হায়দার আলি। দুটি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। অধিনায়ক ওয়াসিম তাঁদের প্রশংসা করে বলেন, “আমাদের বিশ্বাস ছিল। ধ্রুব একটি ছক্কা মারল, হায়দারও মারল। শেষ পর্যন্ত জিতেছি।”

ওয়াসিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আমাদের সর্বশক্তি নিয়ে সিরিজের শেষ ম্যাচে নামব এবং আশা করি ২-১ ব্যবধানে সিরিজ জিতব।”

This post was viewed: 77

আরো পড়ুন