Skip to main content

Ridge Bangla

ভিসার শর্ত লঙ্ঘনে ভারতীয়দের জন্য কঠোর নিষেধাজ্ঞা, সতর্ক করল ইউএস এম্বাসি

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে প্রবেশের পর নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে ভারতীয় নাগরিকদের সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভিসা বাতিল, ডিপোর্টেশন এবং ভবিষ্যতে স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি পেতে হতে পারে।

সম্প্রতি মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনটি পৃথক সতর্কবার্তা প্রকাশ করে। এসব বার্তায় ভিসার শর্ত মানার গুরুত্ব এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকারের কঠোর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।

সর্বশেষ টুইটে বলা হয়, অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞাও জারি হতে পারে।

দূতাবাস আগেই জানিয়েছিল, ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘জিরো টলারেন্স’ নীতি বিদ্যমান। যারা এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সতর্কবার্তা মূলত তাদের জন্য, যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা কিংবা অন্য কোনো সময়সীমা নির্ধারিত ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। অনেকেই ভুল করে মনে করেন, ভিসার মেয়াদই যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি—যা ভুল ধারণা।

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা কতদিন সেখানে থাকা যাবে তা নির্ধারণ করেন। এমনকি কারো ১০ বছরের ভিসা থাকলেও, তা তাকে ১০ বছর যুক্তরাষ্ট্রে থাকার অধিকার দেয় না।

খবরে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় প্রণীত এক নীতিমালায় উল্লেখ করা হয়েছে—যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করবেন, তাদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করা বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে ভিসা বাতিলসহ স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ভ্রমণকারী ভিসা নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানেন না কিংবা ইচ্ছাকৃতভাবেই নিয়ম ভঙ্গ করেন। দূতাবাসের এসব প্রচারণা মূলত ভারতীয়দের সচেতন করতেই একাধিকবার প্রকাশ করা হচ্ছে।

This post was viewed: 82

আরো পড়ুন