Ridge Bangla

আগামীকাল পুনরায় শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ

আইপিএল ২০২৫-এর বাকি অংশ আগামীকাল শনিবার (১৭ মে) থেকে পুনরায় শুরু হচ্ছে। ভারত-পাকিস্তান সীমান্তে সহিংসতার কারণে গত ৯ মে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল, যার ফলে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে আট দিন পর ফের মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি দিনের একমাত্র ম্যাচ। বর্তমানে পয়েন্ট টেবিলে আরসিবি দ্বিতীয় স্থানে এবং কেকেআর ছয়ে রয়েছে।

১৭ মে শুরু হয়ে আইপিএল চলবে ৩ জুন পর্যন্ত। বাকি রয়েছে ১৭টি ম্যাচ—গ্রুপ পর্বের ১৩টি ও প্লে-অফের চারটি (ফাইনালসহ)। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর ও আহমেদাবাদে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিসিআই এখনও প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু ঘোষণা করেনি, তবে তারিখ নির্ধারণ করেছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত সরকার, দলগুলোর মালিক, প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 46

আরো পড়ুন