Ridge Bangla

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানের দৃঢ়তায় সংগ্রহ গড়ে এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় আসে জয়।

শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি। ওপেনার রিজওয়ান শূন্য রানেই আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। মাত্র ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

এই সংকটময় মুহূর্তে দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। তাদের অষ্টম উইকেট জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৮৪ রান। রাকিবুল ৪২ রান করেন, রাব্বি করেন ৫৮ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২২৫ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিনারদের দারুণ ঘূর্ণিজালে একের পর এক উইকেট হারায় সফরকারীরা। বল হাতে রাকিবুল হাসান চারটি উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন। মাহফুজুর রহমান রাব্বি ও ওয়াসি সিদ্দিকী নেন দুটি করে উইকেট।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান ভুরেন। তবে তা দলের পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৩৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং দল।

This post was viewed: 50

আরো পড়ুন