Skip to main content

Ridge Bangla

মাউন্ট এভারেস্টে ভারত ও ফিলিপাইনের দুই পর্বতারোহীর মৃত্যু

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে অভিযান চলাকালে ভারত ও ফিলিপাইনের দুই পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। বিষয়টি শুক্রবার (১৬ মে) নিশ্চিত করেছেন হিমালয় অঞ্চলের হাইকিং কর্মকর্তারা।

নিহত ভারতীয় পর্বতারোহীর নাম সুব্রত ঘোষ। তিনি গত বৃহস্পতিবার সফলভাবে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেন। তবে নামার সময় ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত হিলারি স্টেপ এলাকায় পৌঁছে তার মৃত্যু হয়। এই অঞ্চলটি সাউথ কোল ও চূড়ার মাঝখানে অবস্থিত এবং এখানে অক্সিজেনের মাত্রা মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়।

সুব্রত ঘোষের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, ফিলিপাইনের ৪৫ বছর বয়সী পর্বতারোহী ফিলিপ সান্তিয়াগো বুধবার গভীর রাতে সাউথ কোল এলাকায় মৃত্যুবরণ করেন। তখন তিনি এভারেস্টের চূড়ার দিকে আরোহণ করছিলেন।

প্রতিবছর মে মাসে আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকায় বহু পর্বতারোহী এভারেস্ট জয়ের চেষ্টা করেন। তবে উচ্চতা, চরম ঠান্ডা এবং অক্সিজেনের স্বল্পতার কারণে তাদের মধ্যে অনেকেই মারাত্মক ঝুঁকির মুখে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা জোরদার করা হয়েছে, তবুও দুর্ঘটনার ঝুঁকি পুরোপুরি এড়ানো যাচ্ছে না।

This post was viewed: 66

আরো পড়ুন