Skip to main content

Ridge Bangla

পঞ্চগড়ে কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়ারপাড়া এলাকা থেকে একটি বিরল কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। অভিযানে আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারেরঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে র‍্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।

উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ৩৩.৫ কেজি। এর দৈর্ঘ্য ৩২ ইঞ্চি এবং প্রস্থ ১৩.৫ ইঞ্চি। প্রাথমিকভাবে এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক সম্পদ, যেটি অবৈধভাবে পাচারের চেষ্টা চলছিল।

আটক আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। র‍্যাব জানিয়েছে, প্রত্নসম্পদ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 77

আরো পড়ুন