Ridge Bangla

বাংলাদেশে বিনিয়োগে বিশ্ব ব্যবসায়ীদের প্রতি আহ্বান বাণিজ্য উপদেষ্টার

উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রায় অংশ নিতে জাপানসহ বিশ্বের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (১১ মে) ওসাকার ‘কানসাই ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ দিবস’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসাথে কাজ করতে হবে।” বাংলাদেশ প্যাভিলিয়নের কাঠের কাঠামোর উল্লেখ করে তিনি জানান, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন উন্নয়ন ও প্রবৃদ্ধির আন্তর্জাতিক মানদণ্ডে একটি উজ্জ্বল উদাহরণ। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার কৌশলগত কেন্দ্রে অবস্থানের কারণে বাংলাদেশ আসিয়ানের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বিশ্ব বিনিয়োগকারীদের তৈরি পোশাক, চামড়া, ওষুধ, আইটি, পাটজাত পণ্য ও সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, “জাপান ১৯৭২ সাল থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

This post was viewed: 35

আরো পড়ুন