Skip to main content

Ridge Bangla

শনিবার থেকে শুরু হবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ

দেশব্যাপী আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫’। রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে প্রদান করা হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৪’।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অগ্রগতি সভায় গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য— “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং স্বাগত বক্তব্য দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

প্রাথমিক শিক্ষা পদক বিতরণ কার্যক্রম শুরু হয় ১৯৮৫ সাল থেকে। এ বছর ১৪টি ক্যাটেগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী ১৮টি ক্যাটেগরিতে (বালক ও বালিকা) মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটেগরিতে ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও থানার পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা কার্যক্রম, বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 53

আরো পড়ুন