Skip to main content

Ridge Bangla

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪৭ জন হাসপাতালে ভর্তি, মৃতের সংখ্যা স্থির

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ৪৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৯ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ১ জন, ঢাকা বিভাগের বাইরে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২ হাজার ৯৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬০.৪ শতাংশ পুরুষ ও ৩৯.৬ শতাংশ নারী। এর মধ্যে ২ হাজার ৭০৮ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। তবে এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের।

২০২৪ সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, যার মধ্যে ৫৭৫ জন মারা যান। ওই বছর আক্রান্তের সংখ্যায় এটি ছিল তৃতীয় সর্বোচ্চ, আর মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ বছর।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ—সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন।

This post was viewed: 56

আরো পড়ুন