Skip to main content

Ridge Bangla

তিস্তা প্রকল্পে সহায়তায় প্রস্তুত চীন, বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়

তিস্তা প্রকল্পে সহায়তায় প্রস্তুত রয়েছে চীন। বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে আগ্রহী দেশটি। প্রকল্পটির কাজ দ্রুত শুরু হবে বলেও আশাবাদী বেইজিং।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন ৫০ বছর সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিস্তা প্রকল্পের অগ্রগতি জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্টের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, তিস্তা প্রকল্পের জন্য বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানায়। চীন এ প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যেতে চায় কি না, সেই সিদ্ধান্ত বাংলাদেশের। এ প্রকল্পটি দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় বা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমেও বাস্তবায়ন করা যেতে পারে। চীন বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে সম্মান করবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রস্তাবটি মূল্যায়নের পর ২০২৩ সালে চীন জানায়, তাদের দেওয়া প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান রয়েছে, যা সংশোধন করা উচিত। তবে এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 47

আরো পড়ুন