Ridge Bangla

মূত্রপান করেছেন অনু আগরওয়াল, জানালেন নিজেই

এক সময় বলিউডে আলোচিত অভিনেত্রী অনু আগরওয়াল সম্প্রতি জানিয়েছেন যে, তিনি নিজেই মূত্রপান করেছেন এবং এতে উপকার পেয়েছেন। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই বক্তব্য দেন তিনি, যেখানে যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল।

অনু বলেন, “অনেকেই জানে না, এটি ‘আম্রোলি’ নামে পরিচিত, যা আসলে যোগব্যায়ামের একটি অংশ। আমি নিজে এটি অনুশীলন করেছি এবং ভালো ফলও পেয়েছি।” তিনি আরও জানান, সম্পূর্ণ মূত্র নয়, একটি নির্দিষ্ট অংশই পান করা হয়, যেটিকে ‘অমৃত’ বলা হয়। তার মতে, এটি বয়স ধরে রাখতে ও ত্বকের বলিরেখা রোধে সহায়তা করে।

অনু আগরওয়াল যোগশাস্ত্রের প্রাচীনতাকে বিজ্ঞান থেকে অগ্রাধিকার দেওয়ার পক্ষেও বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিজ্ঞান মাত্র ২০০ বছরের পুরনো, অথচ যোগশাস্ত্র ১০ হাজার বছরের ইতিহাস বহন করে। আমি অবশ্যই যোগশাস্ত্রকে বেশি বিশ্বাস করি।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি এমন একটি চিকিৎসাপদ্ধতির পক্ষে অবস্থান নিলেন, যেটি ভারতে বহু বছর ধরেই বিতর্কিত। এর আগে অভিনেতা পরেশ রাওয়ালও হাঁটুর ব্যথা কমাতে মূত্রপান করার কথা বলেছিলেন, যা সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে।

অনু আগরওয়ালের বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—কেউ এটিকে প্রাকৃতিক চিকিৎসার স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে কুসংস্কার ও বৈজ্ঞানিক যুক্তিহীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন।

This post was viewed: 44

আরো পড়ুন