Skip to main content

Ridge Bangla

সরকারি স্কুলের আরও ১২ সহকারী শিক্ষককে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়

দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আরও ১২ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চলতি মাসে এ নিয়ে মোট ২৪ জন সহকারী শিক্ষকের পদ শূন্য হলো।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, অব্যাহতির আবেদনকারীরা ইতোমধ্যে অন্যত্র চাকরি পেয়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে অব্যাহতি মঞ্জুর করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে সরকারি কোনো আর্থিক পাওনা নির্ধারিত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা তা পরিশোধে বাধ্য থাকবেন। পাশাপাশি তারা যেহেতু চাকরির নির্ধারিত মেয়াদ পূরণের আগেই স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন, তাই পেনশন বা আনুতোষিকসহ অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার অযোগ্য হবেন।

এর আগে, ১৬ এপ্রিল আরও ১২ জন সহকারী শিক্ষক একইভাবে অব্যাহতি নিয়েছিলেন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই ২৪ জন শিক্ষকের অব্যাহতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট আরও প্রকট হয়েছে।

তবে, শিক্ষকরা কেন একের পর এক চাকরি ছাড়ছেন, এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া পরিচালিত হয় সরকারি চাকরি আইন, ২০১৮ ও বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)-এর বিধান অনুযায়ী।

This post was viewed: 58

আরো পড়ুন