Skip to main content

Ridge Bangla

ভারতীয় জাহাজ নিয়ে কঠোর পদক্ষেপ পাকিস্তানের

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার চরম উত্তেজনায় পৌঁছেছে। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির মধ্য দিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দুই দেশই এরই মধ্যে একাধিক প্রতিরক্ষামূলক ও বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে।

ঘটনার পর ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে থাকা একাধিক বাণিজ্য চুক্তি স্থগিত করে এবং আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। সর্বশেষ, শনিবার (৩ মে) ভারত সরকার জানায়, পাকিস্তান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে যেন একটিও পণ্য ভারতে প্রবেশ না করতে পারে, সে লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাকিস্তানি কোনো পণ্য যেন ট্রানজিট হয়ে দেশটিতে প্রবেশ না করে, তা নিশ্চিত করতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের কোনো বন্দরে যেন পাকিস্তানি কোনো জাহাজ না ভেড়ে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর জবাবে পাকিস্তান সরকার পাল্টা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতীয় জাহাজগুলোর জন্য নিজেদের সব বন্দর বন্ধ করে দিয়েছে তারা। অর্থাৎ এখন থেকে পাকিস্তানে কোনো ভারতীয় জাহাজ প্রবেশ করতে পারবে না।

রবিবার (৪ মে) পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই অবস্থার ফলে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে অস্থির হয়ে উঠছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও।

This post was viewed: 69

আরো পড়ুন