Skip to main content

Ridge Bangla

মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের আগুনে পুড়ে মৃত্যু

মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও মানবাধিকারকর্মী জিল সোবুল আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১ মে) মিনেসোটার উডবেরিতে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ৬৬ বছর বয়সে মৃত্যু হয় এই কণ্ঠশিল্পীর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

জিল সোবুলের মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে জানান, “জিল সোবুল ছিলেন মানবাধিকারের প্রতি নিবেদিত একজন কর্মী। তিনি আজীবন ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। তার সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দের ছিল।”

পর্টার আরও বলেন, “তিনি শুধু একজন সহকর্মীকেই নয়, একজন প্রিয় বন্ধুকেও হারিয়েছেন। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

জিল সোবুল ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’ প্রকাশিত হয়। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পায় তার অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’।

প্রায় তিন দশকের সংগীত ক্যারিয়ারে জিল সোবুল প্রকাশ করেছেন ১২টি অ্যালবাম। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই কিসড আ গার্ল’ গানটির মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন তিনি।

মৃত্যুর ঠিক পরদিন শুক্রবার (২ মে) একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর এই মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত, সহকর্মী এবং অনেক তারকা গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম স্টার ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, উডবেরির পুলিশ জিল সোবুলের বাড়িতে আগুন লাগার কারণ তদন্ত করছে।

This post was viewed: 85

আরো পড়ুন