Skip to main content

Ridge Bangla

পটুয়াখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সোমবার সকাল ৬টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিশু শিক্ষার্থী মোস্তাকিমকে মক্তবে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৫ টাকা দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. ইব্রাহীম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। মিথ্যা অভিযোগ এনে তাকে ফাঁসানো হয়েছে বলে তার দাবি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন