আগামী ফুটবল বিশ্বকাপে শুধু বিনা খরচে সম্প্রচার নয়, বিজ্ঞাপন খাত থেকেও আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয় ছাড়াই এবারের বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামী বিশ্বকাপে বিজ্ঞাপনের বাজারকে কাজে লাগিয়ে এ কার্যক্রমকে লাভজনক উদ্যোগে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার শুধু শূন্য ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এ খাত থেকে সরকার আয়ও করতে পারবে।
জহির উদ্দিন স্বপন বলেন, স্বল্প সময়ের মধ্যে বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালও পুরো প্রক্রিয়ায় নিয়মিত সহযোগিতা করেছেন।
তথ্যমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দূরদর্শিতার ফলেই সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।