Ridge Bangla

মৃত্যুর পর দাফন নিয়ে শঙ্কা, জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা

মৃত্যুর পর দাফন হবে কি না- এমন অনিশ্চয়তা থেকে নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছেন ঠাকুরগাঁওয়ের আয়েশা বেগম (৭০)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বসবাস করছেন আয়েশা বেগম।

স্থানীয়দের দাবি, তিন ছেলে সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পর থেকে তারা মায়ের খোঁজখবর প্রায় বন্ধ করে দেন। পরে বাধ্য হয়ে ছেলেদের বাড়ি ছেড়ে স্বামীর দেওয়া জমিতে একটি জরাজীর্ণ ঘরে আশ্রয় নেন তিনি। সেই ঘরের পাশেই নিজের কবর তৈরি করে রেখেছেন।

স্থানীয়রা আরও জানান, বৃদ্ধার ছেলেরা আর্থিকভাবে সচ্ছল এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও তারা মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বিষয়টি নিয়ে কেউ কথা বলতে গেলে তাদের গালিগালাজের মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে।

আয়েশা বেগম বলেন, অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করলেও এখন কেউ তার খোঁজ নেয় না। বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়ে, অনেক দিন না খেয়েও থাকতে হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বৃদ্ধার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে আয়েশা বেগমের দুই ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন