ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইরানের পরিবর্তে ভুল করে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ তুলে তিনি এই মন্তব্য করেন। এ নিয়ে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর ইন্ডিপেনডেন্টের।
সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের লক্ষ্য করে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা আমাদের বিমানবাহী রণতরীতে হামলা চালায়। তবে সেগুলোর প্রতিটিই ভূপাতিত করা হয়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মূলত ইরানের কথাই বলতে চেয়েছিলেন। কারণ দেশটির সরকারি নাম ‘ইসলামিক রিপাবলিক অব ইরান’। তবে বক্তব্যের সময় তিনি ভুলবশত জাপানের নাম উচ্চারণ করেন। এরপর তার ওই মন্তব্যের ভিডিও দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে।
তিনি বলেন, ‘আমরা এখনও সর্বোচ্চ স্তরের হামলা চালাচ্ছি না। সর্বোচ্চ স্তর বলতে বোঝায় সেতু… তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করে। প্রয়োজন হলে আমরা সেগুলো ধ্বংস করে দেব। আমি তা করতে চাই না, তবে প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।’
পারস্য উপসাগরে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ‘গত রাতে আমরা খারগ দ্বীপে হামলা চালিয়েছি- আমরা এর একটি অংশ ধ্বংস করে দিয়েছি। আমি বলেছিলাম, তেল স্পর্শ করবে না, কারণ আমরা হয়তো খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেব। আমরা খারগ দ্বীপের দখল নিতে পারি। এটা ঠেকাতে তাদের কিছুই করার নেই… সাধারণত আমি এমন (আগ্রাসী) মনোভাব দেখাই না, তবে তারা সত্যিই এর যোগ্য।’