Skip to main content

Ridge Bangla

“বিজেপিতে যোগ দিচ্ছেন?” সরাসরি প্রশ্নে মুখ খুললেন প্রীতি জিন্টা

সাম্প্রতিক সময়ে বলিউড তারকা প্রীতি জিন্টাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। কংগ্রেসের একাংশের দাবি, তিনি নাকি শিগগিরই বিজেপিতে যোগ দিতে চলেছেন। এ দাবির পেছনে যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছে তার সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্ট, মহাকুম্ভে অংশগ্রহণ এবং ১৮ কোটি টাকার ঋণ মাফ হওয়ার গুঞ্জন।

এমন অভিযোগের পর প্রীতি জিন্টা নিজের অবস্থান পরিষ্কার করেন। কংগ্রেসের অভিযোগের জবাবে তিনি বলেন, “আমি মন্দিরে যাই, মহাকুম্ভে অংশ নিই, আমার ধর্মীয় বিশ্বাসে গর্ব করি। তাতে কি আমি বিজেপিতে যাচ্ছি? একদমই না। এ গুজব ভিত্তিহীন।”

সোশাল মিডিয়ায় এক অনুসারীর প্রশ্নে তিনি স্পষ্ট বলেন, “এটাই সোশাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা। সবাই নিজেকে বিচারক ভাবে। আমি আমার বিশ্বাসের প্রকাশ করেছি, তা নিয়ে দলীয় রঙ চড়ানো অনুচিত। আমি একজন গর্বিত ভারতীয়, এতেই আমি খুশি।”

তিনি আরও জানান, “দেশের বাইরে দীর্ঘদিন থাকায় ভারতের গুরুত্ব আমি আরও গভীরভাবে উপলব্ধি করেছি। তবে রাজনীতিতে আমার আগ্রহ নেই। বহুবার বিভিন্ন রাজনৈতিক দল আমাকে রাজ্যসভার টিকিট দিতে চেয়েছে, কিন্তু আমি সবসময় তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। রাজনীতি আমার ধারা নয়।”

প্রীতি জিন্টা নিজেকে একজন ‘আর্মি কিড’ হিসেবে পরিচয় দেন। বলেন, “আমার বাবা ও দাদা দুজনেই সৈনিক ছিলেন। দেশপ্রেম আমাদের রক্তে মিশে আছে। আমরা নিজেকে উত্তর বা দক্ষিণ ভারতীয় বলি না। আমরা কেবলই ভারতীয়।”

বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রীতি জিন্টার সরব উপস্থিতি রয়েছে। তবে রাজনৈতিক গুঞ্জন নিয়ে এবারই প্রথমবার স্পষ্ট বক্তব্য দিলেন তিনি।

This post was viewed: 71

আরো পড়ুন