Skip to main content

Ridge Bangla

বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার ফুটফুটে পুত্রসন্তান

বগুড়ায় একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আক্তার জুই (৩৫) নামের এক নারী। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ রয়েছেন। রোববার (২৭ এপ্রিল) হাসপাতাল থেকেই মা জুই তাদের নাম রাখেন মোহাম্মদ, আহম্মেদ, ওমর এবং রহমান।

গত শুক্রবার রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়। জান্নাতি আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের বাসিন্দা এবং সৌদিপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির আগে থেকেই আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

হাসপাতালের প্রশাসনিক প্রধান এবং টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান জানান, সিজারিয়ান অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ারা খাতুন। বর্তমানে মা ও চার সন্তান ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জান্নাতি আক্তার জানান, গত বছর তিনি সৌদিতে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানে স্বামীর সঙ্গে কয়েকদিন কাটানোর পর দেশে ফিরে অন্তঃসত্ত্বা হন। শুক্রবার বিকেলে প্রসবব্যথা উঠলে তাকে হাসপাতালে আনা হয় এবং রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়।

সন্তানদের পুরো নাম রাখা হয়েছে মোহাম্মদ বিন শরিফুল, আহম্মেদ বিন শরিফুল, ওমর বিন শরিফুল ও রহমান বিন শরিফুল। একসঙ্গে চার সন্তান জন্মের খবরে সৌদিপ্রবাসী বাবা শরিফুল ইসলামও আনন্দে আত্মহারা হয়েছেন।

This post was viewed: 48

আরো পড়ুন