Skip to main content

Ridge Bangla

দিনাজপুরের হিলিতে কমেছে পেঁয়াজ ও রসুনের দাম, স্বস্তি ক্রেতাদের মাঝে

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজ ও রসুনের দাম কমতে শুরু করেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা গেছে, পণ্য সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ক্রেতা সংকটের কারণে এই মূল্যহ্রাস ঘটেছে।

বর্তমানে বাজারে প্রকারভেদে রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা কেজিতে, যা আগের তুলনায় কেজিপ্রতি ১০ টাকা কম। অন্যদিকে, ভালো মানের দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, যা আগের তুলনায় ৫ টাকা কম। নিম্নমানের পেঁয়াজের দাম আরও কম, প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা সৈকত হোসেন বলেন, “ভরা মৌসুমেও পেঁয়াজ-রসুনের দাম অনেক বেশি ছিল। ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছিল। এখনই যদি ভারত থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়, তবে দেশি পেঁয়াজের দাম আরও কমবে। দেশের কৃষকরা অনেক সময় সিন্ডিকেট করে দাম বাড়ায়, তাই নিয়মিত বাজার মনিটরিং জরুরি।”

পেঁয়াজ ও রসুন বিক্রেতা রায়হান কবির জানান, “মোকামে সরবরাহ বেড়ে গেছে। তাই আমরাও কম দামে কিনে কম দামে বিক্রি করছি। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে, আর রসুন ৯০ থেকে ১২০ টাকায়।”

বাজারের দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অনেকে মনে করছেন, যদি নিয়মিত বাজার মনিটরিং চালু রাখা হয়, তাহলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

This post was viewed: 74

আরো পড়ুন