ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে আসবে, সেই সময় পর্যন্ত তার এই নিয়োগ কার্যকর থাকবে।
ভিসি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষা ক্ষেত্রে ড. তোজাম্মেল হোসেনের দীর্ঘ প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর বাইরেও তিনি দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি, শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।