দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এ অবস্থায় দায়িত্বহীনতা বা উদাসীনতার সুযোগ নেই। সবাইকে সচেতনতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে। অন্যথায় দেশের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান সরকার একটি কঠিন ও সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও সরকার রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করার চেষ্টা করছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছিল। তার সততা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রম দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ঘাটতি উদ্বেগজনকভাবে বাড়ছে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে শিক্ষা ও তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।