Ridge Bangla

মোহনগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে সুরমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঈদুল আজহার দিন বিকেল ৫টার দিকে উপজেলার মানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী ওয়াসিম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সুরমার ভাই আনিছ মিয়া বাদী হয়ে ওয়াসিম মিয়াসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করলে তাকে গ্রেপ্তার করে শুক্রবার (২৯ মে) আদালতে পাঠানো হয়।

তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে ও আড়াই বছর বয়সী এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির একটি কক্ষে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সুরমার মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ১২ বছর আগে সুরমার সঙ্গে ওয়াসিম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওয়াসিম মিয়া তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘটনার দিনও তাকে অপমানজনক কথা বলা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সুরমা আত্মহত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন