Ridge Bangla

রাজধানীতে পশুবর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন সরকারপ্রধান। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, সেটিই ছিল তার এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়কে যানবাহনের সিগন্যাল মেনে চলেন এবং নগরীর সামগ্রিক পরিবেশ পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন বলে জানান উপ-প্রেস সচিব।

সরকারের ধারণা অনুযায়ী, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে প্রায় ৫৫ হাজার টনের বেশি বর্জ্য সৃষ্টি হয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত কাজ করছেন।

This post was viewed: 4

আরো পড়ুন