Ridge Bangla

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী পাওয়া গেছে ৫৮ জন। ফলে একই সময় পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত আড়াই মাসে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৫১১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ২ শিশুর। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

This post was viewed: 8

আরো পড়ুন