বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী শনিবার ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
একই দিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা।
রিজভী বলেন, শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করবে। এর মধ্যে আলোচনা সভা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী এবং দোয়া মাহফিল উল্লেখযোগ্য।
এ ছাড়া ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে বলেও জানান তিনি।