Skip to main content

Ridge Bangla

পল্লবীতে ডিবির অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ এপ্রিল) রাতে পল্লবীর নিউটাউন বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ও দুবাইপ্রবাসী মশিউর রহমান মশী গ্রুপের সক্রিয় সদস্য হুদা মামুন, অরিন ও সোহেলের নেতৃত্বে একটি দল পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক কারবার চালিয়ে আসছিল।

গত ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারি ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তিন দিন ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

গুলিবর্ষণের ঘটনায় ডিবি মিরপুর বিভাগ এবং থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মৎস্য আড়তের একটি গোপন কক্ষ থেকে হুদা মামুন ও অরিনকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি। পাশাপাশি কক্ষের গোপন স্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের খোয়া যাওয়া এসএমজির ২০ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত আটটি মামলা রয়েছে। হুদা মামুনের বিরুদ্ধেও দ্রুত বিচার আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা চলমান। একই গ্রুপের আরেক সদস্য সোহেলকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 43

আরো পড়ুন