Skip to main content

Ridge Bangla

বক্স অফিসে ঝড় তুলছে ‘কেশরী ২’, তবুও কেন মন খারাপ অক্ষয় কুমারের?

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। ১৮ এপ্রিল মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। মাত্র কয়েক দিনের মধ্যে ছবিটি আয় করে ফেলেছে ৫০.২৫ কোটি রুপি।

এমন সাফল্যের মাঝেও নিজের মনের গভীর একটি দুঃখের কথা প্রকাশ করলেন অক্ষয় কুমার। সম্প্রতি ‘স্ক্রিন’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় তার সিনেমা, দর্শকদের সমালোচনা এবং একজন অভিনেতা হিসেবে তার ভয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, কীভাবে তার কিছু চলচ্চিত্র মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। অক্ষয় বলেন, “‘টয়লেট: এক প্রেম কথা’ মুক্তির পর দেশে বহু মানুষ বাড়িতে শৌচালয় বানানোর গুরুত্ব বুঝেছিলেন। আবার ‘প্যাডম্যান’ ছবির পরে পিরিয়ডের মতো সংবেদনশীল বিষয়ে পরিবারে খোলামেলা আলোচনা শুরু হয়েছিল। এমনকি ‘ও মাই গড ২’-এর মাধ্যমে যৌন শিক্ষার গুরুত্ব নিয়েও সচেতনতা ছড়ানো হয়েছিল।” এসব পরিবর্তনের অংশ হতে পেরে তিনি গভীর গর্ব অনুভব করেন।

তবে শুধু প্রশংসাই নয়, মাঝে মাঝেই সমালোচনার মুখেও পড়তে হয় অক্ষয়কে। এই প্রসঙ্গে তিনি বলেন, “দর্শকরাই প্রকৃত সমালোচক। তারা টাকা খরচ করে ছবি দেখতে আসেন। তাদের প্রশংসা যেমন আমাদের ভালো লাগে, তেমনি সমালোচনা থেকেও শিক্ষা নেওয়া উচিত।”

বিভিন্ন রকম চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে অক্ষয় জানান, দর্শকদের চাওয়ার উপর ভিত্তি করেই তিনি চরিত্র নির্বাচন করেন। তিনি বলেন, “অনেক সময় দর্শকরা আমাকে নতুন কিছু করতে বলেন। সেই অনুযায়ী আমিও চেষ্টা করি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে। সমালোচনা মাঝেমধ্যে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেটাই আরও ভালো অভিনেতা হয়ে ওঠার পথে সাহায্য করে।”

৫৭ বছর বয়সী অক্ষয় আজও একইরকম ফিট এবং অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করে থাকেন। তবে জানলে অবাক হবেন, হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ার ভয় এখনো তাকে পিছু ছাড়েনি। আর সবচেয়ে বড় ভয়? কাজ ছাড়া এক মুহূর্তও থাকতে চান না তিনি। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে চান, বিশ্রামে যেতে একেবারেই রাজি নন এই বলিউড তারকা।

This post was viewed: 56

আরো পড়ুন