Ridge Bangla

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: অর্থমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য এ দুই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

সোমবার (১১ মে) রাজধানীর গুলশানে দৈনিক বণিক বার্তার আয়োজনে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে নেমে এসেছে, যা আগে ১১ থেকে ১২ শতাংশ ছিল। এর ফলে উন্নয়ন প্রকল্প ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে সীমাবদ্ধতা তৈরি হয়েছে।

তিনি বলেন, রাজস্ব আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কার্যকর সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করলেও তা এখনো পূর্ণতা পায়নি। এ কারণে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে।

আমির খসরু আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশব্যাপী বড় পরিসরে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে। বর্তমানে বেশিরভাগ কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের সনদ আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলেও মন্তব্য করেন তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন