জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) একীভূত করে নতুন ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ইউনিটের নাম রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন ইউনিটের প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। সিটিটিসি ও এটিইউর জনবল এবং অর্গানোগ্রাম একীভূত করে নতুন কাঠামো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এতে নতুন কোনো পদ সৃষ্টি করা হবে না।
সূত্র আরও জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত এই দুই ইউনিটের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও অনেককে গোপন বন্দিশালায় আটক রাখার অভিযোগ ছিল। এসব কারণে বর্তমান সরকার ইউনিট দুটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, মিন্টো রোডে সিটিটিসির ভবনকে নতুন ইউনিটের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ের নবনির্মিত ভবনেও কার্যক্রম পরিচালিত হবে।